জাতিসংঘে সন্ত্রাসবাদ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
পরিবর্তিত সময়ে সন্ত্রাসবাদের নতুন নতুন হুমকি মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার (১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল বিষয়ক আলোচনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এই দাবি উত্থাপন করেন।
এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এনক্রিপটেড যোগাযোগ এবং ভার্চুয়াল অ্যাসেটের অপব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেভাবে তাদের কর্মকাণ্ড সম্প্রসারিত করছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, এর মোকাবেলায় দেশে ইতোমধ্যে শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়েছে।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ দমনে সব ধরনের পদক্ষেপে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করা আবশ্যক। এছাড়া সন্ত্রাসের মূল কারণ দূর করা, ইসলামবিদ্বেষ রোধ এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

