সবুজের ডিজিটাল হিফাজত, তৈরি হচ্ছে গাছ নজরদারির অ্যাপ

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ১২:২৮ পিএম
সবুজের ডিজিটাল হিফাজত, তৈরি হচ্ছে গাছ নজরদারির অ্যাপ

সরকারের বিশেষ উদ্যোগ ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির সার্বিক সাফল্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’। এর মাধ্যমে সারা দেশে রোপণ করা কোটি কোটি গাছের বেঁচে থাকা ও বৃদ্ধির ওপর থাকবে ডিজিটাল নজরদারি। জাতীয় সবুজ মিশনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে যার মূল লক্ষ্য হলো পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা।

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং বাংলাদেশ জলবায়ু বাজেট প্রতিবেদনে এই অ্যাপ তৈরির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশজুড়ে ছড়িয়ে থাকা বৃক্ষরোপণ কর্মসূচির ওপর স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নজরদারি প্রতিষ্ঠা সম্ভব হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তাদের বাড়ি ও বসতভিটায় ১ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে, যা নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও নির্ভুল করতে এই অ্যাপের সাথে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) সংযুক্ত করা হবে। এর মাধ্যমে বন বিভাগের আওতাধীন বনায়নকৃত এলাকার ডিজিটাল মানচিত্র ও তথ্যভান্ডার সংরক্ষণ করা যাবে। বিশেষ করে শহর ও গ্রামের দূরবর্তী এলাকায় যেখানে সরাসরি তদারকি করা দুরূহ, সেখানে চারার টিকে থাকা নিশ্চিত করতে এই প্রযুক্তি মূল ভূমিকা পালন করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...