চট্টগ্রাম বন্দরের এনসিটি: ২০১৯ সাল থেকে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলছে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের প্রক্রিয়া নতুন নয়; ২০১৯ সাল থেকে এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। তিনি বলেছেন, এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি জানান, ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে এক জিটুজি বৈঠকে বন্দরের পক্ষ থেকে এনসিটির দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ওই সময় এ বিষয়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছিল।
বন্দর চেয়ারম্যান আরও জানান, আরব আমিরাতে প্রায় ২৬ লাখ বাংলাদেশি কর্মরত আছেন এবং প্রতি বছর ৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে আসে। প্রক্রিয়াটি এগিয়ে নিতে বিশ্বব্যাংকের মাধ্যমে আইআইএফসি এবং আমিরাত পক্ষ থেকেও ট্রান্সজেকশন অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। এ সময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

