শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার চায় সরকার, পাচার হওয়া অর্থ ফেরতেও চলছে কাজ
বর্তমানে বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গত বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যারা অন্যায় করে অন্য দেশে আশ্রয় নিয়েছেন এবং যাদের বিরুদ্ধে বিচারাধীন মামলা বা সাজা রয়েছে, তাদের বাংলাদেশের মাটিতে এনে আইনের মুখোমুখি করা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, গত সতেরো বছরে যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে, সেগুলো উদ্ধার করতে সরকার কাজ করছে। তিনি স্পষ্ট করেন যে, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে স্বাক্ষরিত চুক্তি ও চলমান কূটনৈতিক আলোচনার ফলে এই বিষয়ে ইতিমধ্যেই ইতিবাচক অগ্রগতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের অর্থ যেন আর বিদেশে পাচার হতে না পারে এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা হচ্ছে। একইসাথে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার কাজও অব্যাহত রয়েছে।

