রিজার্ভ চুরি ও ঋণ জালিয়াতি: আতিউরের আমলের নথি তলব দুদকের
দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, রিজার্ভ চুরি এবং ঋণ জালিয়তির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের দায়িত্বকালীন সময়সহ গত ১৫ বছরের গুরুত্বপূর্ণ নথি ও তথ্য তলব করেছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে বিগত সরকারের আমলে ব্যাংক খাতে সৃষ্টি হওয়া অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
অভিযোগের বিষয়গুলোর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, বড় ঋণখেলাপিদের সুবিধা দিতে নীতিমালা শিথিল করা, হলমার্ক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়তি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনা। এসব অভিযোগ যাচাইয়ে দুদক উপপরিচালক মোমিনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট, ঋণ পুনঃতফসিল সংক্রান্ত অনাপত্তিপত্র এবং পরিচালনা পর্ষদের সদস্যদের তথ্য চেয়েছে।
এছাড়া এস আলম গ্রুপকে বিভিন্ন ব্যাংকের মালিকানা দেওয়ার অনুমোদন, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময়ে ওই গ্রুপকে দেওয়া নগদ সহায়তার নথি এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর জোহার রিজার্ভ চুরির প্রতিবেদনের কপিও কেন্দ্রীয় ব্যাংকের কাছে চেয়েছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সাবেক গভর্নর আতিউর রহমান ও তার সহযোগীরা বিগত ১৫ বছরে ব্যাংক খাতের অবস্থা নাজুক করতে সরাসরি ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

