বাণিজ্য ও জনশক্তিতে মরক্কোর সঙ্গে নতুন সম্পর্ক, গুরুত্ব যৌথ অর্থায়নে

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ৭:৫৭ পিএম
বাণিজ্য ও জনশক্তিতে মরক্কোর সঙ্গে নতুন সম্পর্ক, গুরুত্ব যৌথ অর্থায়নে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় দুই পক্ষই বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি তার দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের কৌশলগত কেন্দ্র হিসেবে তুলে ধরেন। তিনি এই সুযোগ কাজে লাগিয়ে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে যৌথ বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। এছাড়া মরক্কো বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করার পাশাপাশি পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...