তুরাগে দুই জনের মৃত্যু, রাজনৈতিক ইস্যু নয়, গুজব ছড়ালে ব্যবস্থা
তুরাগ ও আশুলিয়া থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের তীব্র সমালোচনা করেছে ঢাকা জেলা পুলিশ। রোববার (২৮ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন জানান, এসব ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি স্পষ্ট করে জানান, সাতজনের মৃত্যুর যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং এমন অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত বর্ণনা দিয়ে এসপি শামীমা পারভীন বলেন, গত ২২ জুন দুপুরে সুমন নামের এক কিশোর ২০-২২ জন বন্ধুর সঙ্গে তুরাগ নদীতে নৌভ্রমণে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার গরুহাটা ঘাট এলাকায় নৌকা থেকে নামার সময় সে অসাবধানতাবশত পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে তলিয়ে যায়। পরে ২৬ জুন রাতে জেলেদের সহায়তায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে রনি (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হলে ৩০ মিনিট পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। দুটি ঘটনাতেই পরিবারের আবেদনের প্রেক্ষিতে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনাগুলো সম্পূর্ণ দুর্ঘটনাজনিত এবং এতে অন্য কোনো ইস্যু যুক্ত করার চেষ্টা চলছে। সাতজনের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পেছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার সবাইকে গুজবে কান না দিয়ে প্রশাসনের পাশাপাশি দাড়িয়ে সঠিক তথ্য ছড়ানোর আহ্বান জানান।

