মেসি-হ্যালান্ডের সঙ্গে তুলনা করা ‘ছেলেমানুষি’, রোনালদোর পক্ষে মার্টিনেজ
কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রতে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ান হয়েই নকআউট পর্বে উঠেছে। তবে এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে অনেকে তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেন। লিওনেল মেসি ও আর্লিং হ্যালান্ডের উদাহরণ টেনে এই পরামর্শ দেওয়া হলেও, তা একেবারেই গ্রহণ করেননি দলটির কোচ রবার্তো মার্টিনেজ। তিনি এই ধরনের তুলনামূলক আলোচনাকে ‘ছেলেমানুষি’ বলে অভিহিত করেছেন।
ম্যাচ শেষে মার্টিনেজ জানান, অন্য দল বা অন্য খেলোয়াড়দের সঙ্গে পর্তুগালের কৌশল মেলানো ঠিক নয়। আর্জেন্টিনার মেসি জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নামেন এবং নরওয়ের হ্যালান্ড ফ্রান্সের বিপক্ষে খেলেননি—এই তর্ককে ভিত্তিহীন মনে করেন তিনি। কোচের দাবি, রোনালদো তার অভিজ্ঞতা ও শৃঙ্খলার কারণে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি পুরো ৯০ মিনিট খেলার সক্ষমতা রাখেন। মার্টিনেজ বলেন, রোনালদোর খেলা মানসিক দৃঢ়তা ও সঠিক পজিশনিংয়ের ওপর প্রতিষ্ঠিত, যা দলের আক্রমণভাগে ফাঁকা স্থান তৈরিতে সহায়তা করে।
পর্তুগিজ কোচ আরও জানান, বিশ্বকাপের চাপ সামলাতে রোনালদোর কোনো সমস্যা হচ্ছে না। তবে পরের ম্যাচগুলোতে দলে কৌশলগত কারণে পরিবর্তন আনা হতে পারে, কিন্তু তা সব খেলোয়াড়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, শুধুমাত্র রোনালদোর জন্য নয়।

