পুলিশে বড় রদবদল: সিআইডি ও হাইওয়ে প্রধানসহ ২১ জনের পদ পরিবর্তন

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৮:০৪ পিএম
পুলিশে বড় রদবদল: সিআইডি ও হাইওয়ে প্রধানসহ ২১ জনের পদ পরিবর্তন

আইন-শৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এই রদবদল করা হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর দায়িত্বে এসেছেন বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপি।

পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত হলেন সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসিতে এবং সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি ও এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে যথাক্রমে রংপুর ও খুলনা পিটিসিতে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানকে র‍্যাবে এবং এসবির অতিরিক্ত ডিআইজি এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

অন্যান্য বদলির মধ্যে ময়মনসিংহ মুক্তাগাছা এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এবং রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে মুক্তাগাছা এপিবিএনের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সারদা পুলিশ একাডেমি, রাঙ্গামাটি বেতবুনিয়া এবং বরিশাল রেঞ্জেও বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন পদে নিয়োগ প্রদান করা হয়েছে। রোববার জারি হওয়া এই প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...