নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনতে টিআইবির নতুন প্রকল্প

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৯:২০ পিএম
নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনতে টিআইবির নতুন প্রকল্প

নারী এবং কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার (এসআরএইচআর) মান যাচাই এবং এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন এক প্রকল্প হাতে নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর আওতায় লক্ষ্মীপুর ও নীলফামারী জেলার ১৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সেবাদান প্রক্রিয়ার ওপর নজরদারি এবং অনিয়ম রোধে কাজ করা হবে। রোববার (২৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক পরামর্শ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

‘স্ট্রেনদেনিং ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ সিস্টেমস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অপচয় রোধে বর্তমান সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে টিআইবির এই প্রকল্প ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বক্তব্য রাখেন। তারা প্রজনন স্বাস্থ্য খাতে শুদ্ধাচার নিশ্চিত করতে এই পাইলট প্রকল্পের গুরুত্বের ওপর জোর দেন। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির সুফল পেতে হলে দুর্নীতিরোধে ও স্বচ্ছতা নিশ্চিতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। প্রকল্পটির মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের সাথে সমন্বয় করে সমাধানের পথ খোঁজা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...