অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স: র‍্যাংকিংয়ে বড় লাফ নাসুম-হৃদয়ের

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ১০:৩৭ পিএম
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স: র‍্যাংকিংয়ে বড় লাফ নাসুম-হৃদয়ের

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দলের পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে। বুধবার (২৪ জুন) হালনাগাদ হওয়া র‍্যাংকিংয়ে টাইগারদের মধ্যে সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। দলের তিন তারকা ক্রিকেটার উন্নতি করলেও বেশিরভাগ সতীর্থের অবস্থানেই হতাশাজনক পতন হয়েছে।

নাসুম আহমেদ তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন। ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি একলাফে ২৭ ধাপ এগিয়ে বর্তমানে ১১তম স্থানে অবস্থান করছেন। ব্যাটারদের মধ্যে তরুণ তারকা তৌহিদ হৃদয় ও সাইফ হাসানও র‍্যাংকিংয়ে লাভ করেছেন। হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩০ নম্বরে এবং সাইফ হাসান ১৩ ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে পৌঁছেছেন।

তবে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান তামিম দুই ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে এসেছেন, তার রেটিং পয়েন্ট ৬০২। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারা লিটন দাসের র‍্যাংকিংয়েও বড় ধরমের পতন হয়েছে। তিনি ৭ ধাপ পিছিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন। এছাড়া মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনও নিজেদের স্থান হারিয়েছেন। বর্তমানে বোলিংয়ে রশিদ খান এবং ব্যাটিংয়ে ভারতের অভিষেক শর্মা শীর্ষস্থানটি দখল করে আছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...