বিশ্বকাপে মেসি-রোনালদোর মহারণ, কোন পর্বে হতে পারে দেখা?
ফুটবল দুনিয়ায় সবচেয়ে আকাঙ্ক্ষিত দৃশ্যটির অপেক্ষায় রয়েছেন কোটি কোটি ভক্ত। ২০২৬ সালের বিশ্বকাপে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে প্রত্যক্ষ লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্লাব ফুটবলে বহুবার একে অপরের মুখোমুখি হলেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে এখনো তাদের দেখা হয়নি। বর্তমান গ্রুপ পর্বের হিসাব-নিকাশ বলছে, শেষ আটের লড়াই বা ফাইনালে এই দুই মহাতারকার দেখা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগাল ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে রোনালদোরা চ্যাম্পিয়ন, রানার-আপ বা সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠতে পারেন। যদি পর্তুগাল তৃতীয় স্থান অধিকার করে, তবে রাউন্ড অব থার্টি টুতেই আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে তারা। তবে বিশ্লেষকদের অধিকাংশের ধারণা, দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠলে কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই ম্যাচটি যদি হয়, তা ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এছাড়াও রয়েছে ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা। যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন এবং পর্তুগাল রানার-আপ হিসেবে নকআউটে ওঠে, তবে তারা ভিন্ন ব্র্যাকেটে থাকবে। সেক্ষেত্রে দুই দল তাদের সব ম্যাচ জিতলে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার স্বপ্নপূরণ হতে পারে। ফাইনালটি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত হবে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও, কোয়ার্টার ফাইনালে এই দুই তারকার দেখা পাওয়াকেই সবচেয়ে বাস্তবসম্মত ধারণা হিসেবে দেখা হচ্ছে।

