পটিয়ায় সরকারি অফিস-ইউনিয়নে বসছে অভিযোগ বাক্স, মিলবে সপ্তাহেই সমাধান
চট্টগ্রামের পটিয়ার সাধারণ নাগরিকদের এবার সরাসরি স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে। ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের সামনে স্থাপন করা হচ্ছে অভিযোগ বাক্স, যেখানে প্রমাণসহ লিখিত অভিযোগ জমা রাখা যাবে। এই কর্মসূচি নিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো বিতরণ করেন এমপি এনামুল হক এনাম। বিতরণ অনুষ্ঠান শেষে প্রথম বাক্সটি স্থাপন করা হয় উপজেলা নির্বাচন অফিসে।
এমন উদ্যোগের কারণ জানতে চাইলে এমপি বলেন, সেবা নিতে এসে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির মধ্য দিয়ে যেতে হয়। তারা যাতে সহজে ও নির্ভয়ে নিজেদের অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যেই বাক্স বসানো হচ্ছে। এর মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সবাইকে জবাবদিহির আওতায় আনা যাবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন যেন সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করা হয়। প্রাথমিক পর্যায়ে সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে মোট ৬০টি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। জমা পড়া প্রতিটি অভিযোগ এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান ও আবদুল মান্নান, যুবদল নেতা কাজী আরিফ উল্লাহ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবাদুল হক রিকু।
স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগে সরকারি দপ্তরগুলোর সেবার মান বাড়বে এবং হয়রানি কমবে। অভিযোগ বাক্সের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে জনগণের নজরদারি আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

