পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের বিতর্ক

প্রাইম বার্তা অনলাইন
১৯ অক্টোবর ২০২৬ ৪:৩৩ এএম
পদত্যাগের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক, তদন্তে মাদক অভিযানের বিতর্ক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন — এমন সংবাদ রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে প্রচারিত হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন প্রতিমন্ত্রী নিজেই। রোববার (১৮ অক্টোবর) রাতে প্রচারিত এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই।’ ইশরাকের এই জবাবের খবরও প্রচার করেছে বিটিভি। তবে পদত্যাগের নির্দেশের প্রসঙ্গ এবং প্রতিমন্ত্রীর অস্বীকার — দুই বিষয়েই সরকারের পক্ষ থেকে রোববার রাত পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

পদত্যাগের জল্পনা খারিজ করে রোববার রাতে ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক প্রেস বিজ্ঞপ্তি দেন, যেখানে এমন খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী নিজের সরকারি ও রাজনৈতিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করে চলেছেন। সরকারের ঊর্ধ্বতন কোনো পর্যায় থেকে তাঁকে পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়নি এবং এ বিষয়টি ওঠারও প্রশ্ন নেই। নির্দিষ্ট একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিল ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এমন তথ্য প্রচার করছে বলেও দাবি করা হয়। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে খবর প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পদত্যাগের জল্পনার প্রেক্ষাপটে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্কিত ঘটনা। গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে ইশরাক অস্ত্র উঁচিয়ে চিৎকার করছেন, তাঁর সঙ্গে থাকা কয়েকজনকেও অস্ত্রধারী অবস্থায় দেখা যায়। এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ইশরাক ব্যাখ্যা করেন, নিরাপত্তা ঝুঁকি ও হামলার আশঙ্কা থেকে আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয় এবং মাদকসহ নানা সরঞ্জাম জব্দ করা হয় বলে তিনি জানান। অপরদিকে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। আইন লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পদত্যাগের নির্দেশের খবর কতটুকু সত্য, তা নিয়েও সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...