মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব চাইলো ঢাকা
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির কাছ থেকে স্পষ্টীকরণ চেয়েছে বাংলাদেশ সরকার। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
বৈঠকে পররাষ্ট্র সচিব দুই নাগরিকের মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে উভয় পক্ষের প্রত্যয় ছিল, সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। এ সময় বিদেশে অবস্থানরত নাগরিকদের ওই দেশের আইন মেনে চলার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন খাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলমান সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা পায়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। প্রতিমন্ত্রী আরও জানান, চলতি মাসের ১৪ তারিখ সৌদি আইন অনুযায়ী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়ার পরই এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হয়।
সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ইসলাম ও সিতি আখতার নামের দুই বাংলাদেশিকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয়ের বরাতে গাল্ফ নিউজ জানায়, মসজিদের পবিত্রতা, ঘটনার প্রেক্ষাপট এবং অপরাধের ভয়াবহতা বিবেচনা করেই আদালত এই শাস্তি নিশ্চিত করেন।

