ভাইকে ভর্তি করাতে এসে ডাক্তার সেজেছিল যুবক, ঢামেকে আটক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসকের পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। রোববার (১৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে আনসার সদস্যরা তাকে আটক করে ঢামেক পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। আটক যুবকের নাম রাকিব। তিনি বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে এবং বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছেন।
ঢামেকে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবকের চলাফেরায় সন্দেহ দেখা দিলে তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশ ক্যাম্পে পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদের সময় রাকিব জানান, অসুস্থ ভাইকে ঢাকা মেডিকেলে ভর্তি করাতেই তিনি এসেছিলেন। বহু চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পারায় পরিচিত একজনের পরামর্শে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের চিকিৎসকের পরিচয় দিচ্ছিলেন। এভাবেই আনসার সদস্যদের নজরে আসেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আনসার সদস্যরা ভুয়া চিকিৎসককে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। এরপর বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণ করবে থানা পুলিশ। এ ঘটনা ঘিরে হাসপাতালের জরুরি বিভাগে ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে সতর্কতা আরও বাড়ানোর কথা ভাবছে নিরাপত্তারত সদস্যরা।

