পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর গ্যাং ঠেকাতে ঐক্যবদ্ধ গ্রামবাসী

প্রাইম বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৬ ২:০২ পিএম
পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর গ্যাং ঠেকাতে ঐক্যবদ্ধ গ্রামবাসী

চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে মাদক, জুয়া ও কিশোর অপরাধ রোধে রুখে দাঁড়িয়েছেন গ্রামবাসী। শুক্রবার (১৬) রাতে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মিলিত হন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার মূল স্বর ছিল একটাই—তরুণ প্রজন্মকে নেশা ও জুয়ার গ্রাস থেকে বাঁচাতে হবে এবং কিশোর অপরাধের তৎপরতা দমনে বাড়াতে হবে জনসচেতনতা।

সমাবেশে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম, জিয়া উদ্দিন জনি, আবদুর রশিদ, হেলাল খান ও নাজিম উদ্দিনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট মানুষের সম্মিলিত দায়িত্ব পালনের ওপরও জোর দেওয়া হয়।

স্থানীয় তৌহিদুল ইসলাম বলেন, ‘এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আমরা চাই, নাইখাইনকে মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে।’

জানা যায়, সম্প্রতি নাইখাইন গ্রামে চুরিসহ একাধিক অপরাধের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দেয়। এমন পরিস্থিতি মোকাবিলা, সচেতনতা সৃষ্টি এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয়েই এলাকাবাসী এই সমাবেশের আয়োজন করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নাইখাইনকে শান্তিপূর্ণ ও নিরাপদ গ্রামে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...