শাহজালালে টানা ৭ দিনে ১১ অভিযান, সোনা-মদ-সিগারেটসহ জব্দ কোটি টাকার পণ্য
রাজস্ব ফাঁকি ঠেকানো ও জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা এক সপ্তাহে ১১টি আলাদা অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস হাউজ, ঢাকা। গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সোনা ও সোনার অলংকারসহ বিপুল পরিমাণ পণ্য বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি যাত্রীদের ব্যাগেজ সুবিধায় আনা অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে আদায় হয়েছে এক কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকার শুল্ক ও কর।
রোববার (১৮ অক্টোবর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত দিনের অভিযানে জব্দ হওয়া পণ্যের তালিকায় রয়েছে ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ ২৮৬ কেজি ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন এবং ৩১৫ কেজি ওষুধ। এর বাইরে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যও বাজেয়াপ্ত করা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের অধিকার সুরক্ষা, জনস্বাস্থ্যের ঝুঁকি কমানো এবং অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিমানবন্দরে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে যাত্রীদের ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে বাণিজ্যিক পণ্য আনার বিষয়টিও কড়া নজরদারিতে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই তৎপরতার মূল উদ্দেশ্য।

