সরাইল রিজিয়নে বিজিবির অভিযানে ৯৫৭ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ, আটক ৩৩৩

প্রাইম বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৬ ১২:৫৪ পিএম
সরাইল রিজিয়নে বিজিবির অভিযানে ৯৫৭ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ, আটক ৩৩৩

চলতি বছরের প্রায় ১০ মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সরাইল রিজিয়নের অধীন ব্যাটালিয়নগুলো ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে। মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৩৩৩ জন। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রকাশ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম। সেখানে ১৩টি ব্যাটালিয়নের অভিযান ও বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বে থাকা সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার। কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল এই চারটি সেক্টরের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন ২১১টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালনা করছে। গত ১৫ অক্টোবর পর্যন্ত অভিযানে উদ্ধার হয়েছে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ। এর পাশাপাশি জব্দ হয়েছে ১৯ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭ মিটার ডেটোনেটর তার।

মাদক উদ্ধারের বিস্তারিত পরিসংখ্যানে বলা হয়, এ সময়ে জব্দ হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮১৫টি ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৬ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০টি বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট। এছাড়া উদ্ধার হয়েছে ২১০ লিটার চোলাই মদ। আটককৃত ৩৩৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

সীমান্ত এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ পাথর-বালু উত্তোলন ঠেকাতেও অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে; বন্যাকবলিত দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছাতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। সিলেট সেক্টরের উদ্যোগে স্থানীয় তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও চোরাচালানবিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যা ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্পও স্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, মাদকের বিপরীতে তাদের রয়েছে জিরো টলারেন্স নীতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...