লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধানে ছেঁউড়িয়ায় বসেছে তিন দিনের সাধুর হাট

প্রাইম বার্তা অনলাইন
১৭ অক্টোবর ২০২৬ ৯:৪৭ এএম
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধানে ছেঁউড়িয়ায় বসেছে তিন দিনের সাধুর হাট

মানুষ গুরু লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত ছেঁউড়িয়া আখড়া এখন সাধক-ভক্তদের জমায়েতে মুখরিত। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস (মৃত্যুবার্ষিকী) উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাধুর হাট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানমালার এবারের প্রতিপাদ্য ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।

উৎসবের মূল আয়োজন শুরুর অনেকটা আগে থেকেই আখড়ায় অবস্থান নিয়েছেন বিভিন্ন অঞ্চলের বাউল সাধকরা। মাজার চত্বরের নানা জায়গায় গেয়ে চলেছেন সাঁইজির আধ্যাত্মিক ও ভেদ তথ্যের গান। প্রচলিত সাধু রীতি মেনে শনিবার সন্ধ্যায় বাল্যসেবা, রোববার সকালে রাখালসেবা এবং দুপুরে পুণ্যসেবার আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি সাধু-গুরুদের মাঝে চলবে ভক্তি, ভাব ও দর্শনের বিনিময়। ‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের দিন বদলের অনুপ্রেরণা’ এই মন্ত্রকে ধরেই সাজানো হয়েছে দিবসের সব অনুষ্ঠান।

আখড়াবাড়ির সামনে মরা কালি নদীর প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। দেশের দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা দুই শতাধিক স্টলে পসরা সাজিয়ে বসেছেন। সাধু বাণীর সত্য-সুপথ খুঁজতে দেশ-বিদেশের সাধুগুরু ও ভক্তরা দলে দলে এসে সাঁইজির ধামে আসন গেড়েছেন।

শনিবার বিকেল তিনটায় মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এমপি)। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন প্রাবন্ধিক প্রফেসর ড. রশিদুল নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত মহিলা আসন-৩০৬-এর সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। স্বাগত বক্তব্য রাখবেন বিশিষ্ট সাধক হৃদয় শাহ ও মিজ্ আসমা খানম।

শৃঙ্খলা রক্ষায় আখড়া চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা; পুলিশের পাশাপাশি থাকবে এসআরবি ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। আলোচনা শেষে বিকেল ৫টায় লালন মঞ্চে দেশখ্যাত শিল্পীদের কণ্ঠে মুখরিত হবে লালন সংগীত। ১৯ অক্টোবর সোমবার পর্যন্ত চলবে এই উৎসব। উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল যখন, ঠিক সেই অন্ধকার যুগেই মানুষ গুরুর দীক্ষা দিয়ে মানবতার পথ দেখিয়ে গেছেন লালন সাঁই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...