জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ১০:০৭ এএম
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার সময় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন, তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, দুষ্কৃতকারীরা দুটি ককটেল নিক্ষেপ করেছিল, যার মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত ককটেলটি সিএনজির ওপর এসে পড়ায় চালক আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

খবর পাওয়ার পর পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নামেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে প্রাথমিক পর্যায়ে কোনো সূত্র মেলেনি।

উপ-পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থলের আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...