সাইবার ক্রাইম সেলের সাফল্য: বগুড়ায় মালিকদের হাতে ফিরল ৭১ মোবাইল

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ৬:৩২ এএম
সাইবার ক্রাইম সেলের সাফল্য: বগুড়ায় মালিকদের হাতে ফিরল ৭১ মোবাইল

বগুড়ায় নিখোঁজ হওয়া ৭১টি মোবাইল ফোন এবং প্রতারকদের ফাঁদে পড়ে হাতিয়ে যাওয়া ১৩ হাজার ৫০০ টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেল। বুধবার (১৪ অক্টোবর) ৪ এপিবিএন বগুড়ার কার্যালয়ে আয়োজিত এক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার করা এসব সামগ্রী সংশ্লিষ্ট মালিকদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ এপিবিএন বগুড়ার অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. শহীদ আবু সরোয়ার, সহ-অধিনায়ক ও পুলিশ সুপার মধুসূদন রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসসহ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাটালিয়নের অধিনায়ক মো. শহীদ আবু সরোয়ার জানান, হারানো মোবাইল ও অর্থ মালিকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি গত সেপ্টেম্বর মাসেও সাইবার ক্রাইম সেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সফলতার স্বাক্ষর রেখেছে। এর মধ্যে একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সহায়তা করা এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং ও সাইবার বুলিংসংক্রান্ত বহু অভিযোগ নিষ্পত্তি করা উল্লেখযোগ্য।

অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের ঘটনা ক্রমাগত বাড়ছে এমন পরিস্থিতিতে এপিবিএনের এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...