বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে চালু হচ্ছে কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি লাইন

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ৪:৩৯ এএম
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে চালু হচ্ছে কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি লাইন

গাজীপুরের কালিয়াকৈর থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ পর্যন্ত নির্মিত ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনে আগামীকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো বিদ্যুৎ দেওয়া হবে। দুপুর ১২টা থেকে লাইনটি পরীক্ষামূলকভাবে চালু ও বিদ্যুতায়িত থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

বুধবার (১৪ অক্টোবর) পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. আলমগীর হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির খবর নিশ্চিত করা হয়। প্রকল্পের অংশ হিসেবে কালিয়াকৈর ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে সদ্য নির্মিত শম্ভুগঞ্জ ৪০০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৯৬ দশমিক ৮৯১ কিলোমিটার দীর্ঘ লাইনটি বিদ্যুতায়িত করা হবে।

প্রায় ৯৭ কিলোমিটার দীর্ঘ এই সঞ্চালন লাইনটি গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর, টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর, এবং ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল, সদর, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার মধ্য দিয়ে গেছে।

লাইনটি চালুর পর এটি অবিরাম উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত থাকবে। এ কারণে আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। টাওয়ারে ওঠা, গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো কিংবা লাইনের নিচে বা পাশে বাঁশঝাড় ও উঁচু গাছ রোপণের মতো ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি সঞ্চালন লাইনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখারও আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত এ লাইন বা টাওয়ারের সংস্পর্শে কেউ দুর্ঘটনার শিকার হলে তার দায় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ নেবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...