মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের অভিযান, গ্রেফতার ৩৪৪
মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমনে রাজধানীর চারটি থানা এলাকায় বড় সঁজা নিয়ে নেমেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টায় শুরু হয়ে চার ঘণ্টা ধরে চলা একযোগে ব্লক রেইডে আটক হয়েছেন ৩৪৪ জন সন্দেহভাজন। অভিযানে বহু অস্ত্র ও প্রচুর পরিমাণ মাদকদ্রব্যও বাজেয়াপ্ত হয়েছে।
মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া—এই চার থানার বিভিন্ন স্পটে একসঙ্গে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। থানা পুলিশের পাশাপাশি ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডের কয়েকশ সদস্য অংশ নেন এই অপারেশনে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, একাধিক দেশীয় অস্ত্র, গুলিসহ ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
থানাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে পল্লবীতে, ২০২ জন। এছাড়া মোহাম্মদপুরে ৫৯, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, মোহাম্মদপুর ও পল্লবী থেকে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হবে। তাঁর ভাষায়, এই বিশেষ অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের ব্যাপারে পুলিশ জানিয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের আদালতে সোপর্দ করা হবে। বাকিরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি পাবেন।

