কিশোর গ্যাং-মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, আটক ১২২৪
কিশোর অপরাধী গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ জুড়ে চালানো বিশেষ অভিযানে এক হাজার ২২৪ জনকে গ্রেফতার বা আটক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
গ্রেফতারকৃতদের বিবরণ দিয়ে ডিআইজি বলেন, নিয়মিত মামলায় ৯৪ জন, পুরোনো মামলায় ৭০ জন, ৩৪ ধারায় ৫০ জন এবং ৫৪ ধারায় তিনজনকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২, পরোয়ানামূলে ১৭৬ এবং সাজা পরোয়ানামূলে ১৭ জনকে আটক করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৫২ জন। এদের মধ্যে মাদক পরিবহনকারী একজন, সেবী ৯৪ এবং মাদক ব্যবসার অভিযোগে ৫৭ জন রয়েছেন। এসময় ৪১টি মাদক মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে জব্দ হয়েছে সাত হাজার ৬৪৪ পিস ইয়াবা, ৩৮ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ১৯৮ লিটার চোলাই মদ, ৪৯ বোতল বিদেশি মদ, দুই ক্যান বিয়ার ও ১০০ বোতল স্কাফ সিরাপ।
কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে এদের মধ্যে চট্টগ্রামের চার, কক্সবাজারের দুই, কুমিল্লার দুই, চাঁদপুরের এক, নোয়াখালীর দুই ও খাগড়াছড়ির দুইজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী পর্যায়ে আটক ৬১৭ জনের মধ্যে ৪৫৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে; বাকি ১৬০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিকভাবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সর্বোচ্চ ২৫৩ জন আটক হয়েছে কুমিল্লায়। এরপর রয়েছে লক্ষ্মীপুরে ১২৮, চট্টগ্রামে ৮১, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, নোয়াখালীতে ৩৪, রাঙামাটিতে ৩০, কক্সবাজারে ১৮, খাগড়াছড়িতে ১৭, চাঁদপুরে ১০ ও ফেনীতে পাঁচজন।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

