গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায় আটক বরের বাবা

প্রাইম বার্তা অনলাইন
০৪ অক্টোবর ২০২৬ ২:৫৪ এএম
গোয়ালঘর থেকে গরু চুরি করে বউভাতে জবাই, গাইবান্ধায় আটক বরের বাবা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির গোয়ালঘর থেকে চুরি হয়ে যাওয়া গরু বউভাতের আয়োজনে জবাই করার অভিযোগে বরের বাবাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামের রফিকুল ইসলাম (৫২)। ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা এলাকায় বাড়ির গোয়ালঘর থেকে গরুটি নিখোঁজ হয়। এ বিষয়ে শনিবার (৩ অক্টোবর) গরুর মালিক শহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন।

অভিযোগের পর স্থানীয়দের সহায়তা নিয়ে গরুটির খোঁজে নামেন শহিদুল ইসলাম। বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ চোখে পড়লে সেই দাগ ধরে এগোতে থাকেন তারা। অবশেষে পার্শ্ববর্তী বকশিচর গ্রামের একটি বাড়িতে গিয়ে চুরি হওয়া গরুটিকে জবাই হতে দেখেন গরুর মালিক। এ সময় গরুর মালিক ও তার ভাতিজার মুখোমুখি হওয়ার পর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আনারুল নামের ভাতিজার মাথায় আঘাত করার চেষ্টা করে। তিনি হাত দিয়ে আটকাতে গেলে ডান হাত রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহত আনারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। অন্যদিকে বেশ কয়েকজন অভিযুক্ত পালিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রফিকুল ইসলামকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম শনিবার রাত ১০টার দিকে জানান, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...