বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তাকর্মীকে শারীরিক আঘাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
ডিবি প্রধান বলেন, গ্রেপ্তারকৃত এই জামায়াত নেতার নামে বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। তদন্তের দায়িত্ব ওই থানা পুলিশের হাতে যাওয়ায় তাকে সেখানে দেওয়া হবে। মামলাটি করেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধিদল পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীতে ফিরেন। বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলির অভাব, লাগেজ নিতে দেরি এবং জমজমের পানির সংকট নিয়ে কর্মীদের সঙ্গে বিবাদ শুরু হয়। পরিস্থিতি জানতে পেরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে আসার অনুরোধ করেন।
নির্বাহী পরিচালক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আখতারুজ্জামান তার বিরুদ্ধে হুমকিসূচক ও অশালীন ভাষা ব্যবহার করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। এরপর সংসদ সদস্য নির্বাহী পরিচালককে সরিয়ে নেন। এছাড়া কেপিআই-ভুক্ত এলাকায় ভিডিও ধারণ বন্ধের অনুরোধ জানালে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে শারীরিকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গেও উত্তপ্ত আচরণ এবং যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেওয়ার কথাও এজাহারে উঠে এসেছে।
মামলাটি আমলে নিয়ে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ নভেম্বর দিন নির্ধারণ করেছেন।

