শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম জব্দ

প্রাইম বার্তা অনলাইন
০২ অক্টোবর ২০২৬ ১০:০৭ পিএম
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানি পণ্যের বড় এক সরবরাহ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ ঘোষিত গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৩৩ লাখ ৬২ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় আসা ইউএল১৮৯ ফ্লাইটের পাঁচ যাত্রীর লাগেজ স্ক্যান ও তল্লাশির সময় সিগারেট ও গৌরী ক্রিমের সন্ধান মেলে। এর মধ্যে মোহাম্মদ রুবেলের কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের দখল থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী মমতাজ রাবেয়া বেগমের ব্যাগ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট জব্দ হয়।

অন্যদিকে ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রী মোবারক হোসেনের মালামাল পরীক্ষা করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

সিআইআইডি জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দর পথে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...