নিবন্ধন ছাড়া হকার বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
রাজধানীর সড়ক বা ফুটপাত দখল করে অনুমোদন ছাড়া কেউ হকারি ব্যবসা চালালে উচ্ছেদের পাশাপাশি তার মালামাল বাজেয়াপ্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত স্থান ছাড়া রাজধানীর কোনো জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুর এলাকায় সার্বিক পরিচ্ছন্নতা, সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও নগরবাসীর ভোগান্তি নিরসন সংক্রান্ত বিষয়াদি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘদিনের বিষয়টিও নজরে আসে।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য কিছু নির্দিষ্ট ফুটপাত ও স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে। জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ এর বাইরের কোনো ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরের সব হকারকে শৃঙ্খলার মধ্যে ফিরতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও কেউ হকারি করতে পারবে না। উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করলে এখন থেকে শুধু উচ্ছেদই করা হবে না, মালামাল ক্রোক করে সরাসরি মামলাও দায়ের করা হবে বলে জানান তিনি।
হকারদের নতুন নোটিশ ও পুনর্বাসন প্রসঙ্গে প্রশাসক বলেন, দফায় দফায় হকার নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাই নতুন করে নোটিশ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, যারা ঢাকার নাগরিক হিসেবে সিটি করপোরেশনকে ট্যাক্স দেন, তারা কী চান সেটি সামনে রেখেই প্রশ্ন করার অনুরোধ করছি।
নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতি ১৫ দিন পর পর সেবামূলক সংস্থাগুলোর নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

