ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে অসহায়ভাবে ভাসমান একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ওই বোটটি ১৩ জন জেলে নিয়ে টেকনাফ থেকে মাছ আহরণের উদ্দেশে যাত্রা করে। মাছ ধরার কাজ শেষ করে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার পথে হঠাৎ বোটের ইঞ্জিন অচল হয়ে পড়ে। এতে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে। চরম বিপদে পড়ে বোটের এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্যের আবেদন করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গভীর সমুদ্রে টহলরত জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান পরিচালনা করে। অনুসন্ধান শেষে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসমান বোটটি শনাক্ত করা হয়। পরে বোটসহ ওই ১৩ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত জেলেদের ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম এগিয়ে চলছে। তিনি বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

