ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র ১৫ দিন

প্রাইম বার্তা অনলাইন
২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৭ পিএম
ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি মেয়াদে মিলবে মাত্র ১৫ দিন

প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোমারি এবং শূন্য রিটার্ন জমা দেওয়া ব্যক্তি বা সংস্থার জন্য সময়সীমা থাকবে ২০ দিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অধ্যাদেশটির খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে খসড়াটি উপস্থাপন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

জানা গেছে, বিদ্যমান আইনে টানা তিনটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার সুযোগ রয়েছে। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধনের মাধ্যমে সেই বিধান বাতিল করে প্রতি মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমার নিয়ম পুনঃপ্রবর্তন করা হবে। পাশাপাশি নির্ধারিত ১৫তম দিন যদি সরকারি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করা যাবে।

মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের গতি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। প্রতি মেয়াদে সময়মতো রিটার্ন জমার বিধান কার্যকর হলে ভ্যাট আদায়ে স্বচ্ছতা আসবে এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...