ট্রেইলর শ্রমিক মারধরের প্রতিবাদে বন্ধ হলো চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি

প্রাইম বার্তা অনলাইন
২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৩ পিএম
ট্রেইলর শ্রমিক মারধরের প্রতিবাদে বন্ধ হলো চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি

চট্টগ্রাম বন্দরে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বন্ধ রয়েছে কনটেইনার ডেলিভারি। এক ট্রেইলর শ্রমিককে নির্যাতনের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্তও ডেলিভারি কার্যক্রম পুনরায় চালু হয়নি।

শ্রমিকদের অভিযোগ, বন্দরে প্রবেশের গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা হলেও বাস্তবে গেটে আদায় করা হচ্ছিল ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এই অতিরিক্ত অর্থ আদায়ের বিরোধিতা করায় ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোকতার হোসেনকে মারধর করা হয়। পাঁচ নম্বর গেটে ঘটনাটি ঘটে।

প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, ঘটনার পর বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা এসে শ্রমিকদের আশ্বস্ত করে মীমাংসার প্রস্তাব দেয়। কিন্তু শ্রমিকরা যখন চার নম্বর গেটে যান, সেখানে আরেকটি দল তাদের দিকে তেড়ে আসে। এরপর থেকে পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। গেট এলাকায় বিক্ষোভের ভয়ে অন্যান্য পণ্যবাহী গাড়ির চলাচলও স্থবির।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে বন্দরের অভ্যন্তর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ আছে। সমস্যার মীমাংসায় শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই সুরাহা হবে বলে আশা করছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...