হারামাইনের নিরাপত্তা যেন সব দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকে: চরমোনাই পীর
মক্কা-মদিনা অঞ্চলে নিরাপত্তা বিঘ্নের খবরে গভীর উদ্বেগ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পবিত্র দুই শহরের নিরাপত্তা যেন সব ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘর্ষের ঊর্ধ্বে অটুট থাকে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দলটির আমির হিসেবে তিনি এক বিবৃতিতে এ অবস্থান জানান।
মঙ্গলবার মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বাজার পর সারা বিশ্বের মুসলিম সমাজ যে শঙ্কায় ডুবে গিয়েছিল, সে কথা তুলে ধরে চরমোনাই পীর বলেন, হারামাইন অর্থাৎ মক্কা ও মদিনা পৃথিবীর শতকোটি মুসলিমের হৃৎস্পন্দন এবং মুসলিম বিশ্বের কাছে এই সীমা কোনোভাবেই লঙ্ঘনযোগ্য নয়। এই দুই পবিত্র নগরী কোনো রাষ্ট্র বা রাজনীতির অধীন বিষয় নয়; তাই এর নিরাপত্তাকে যেকোনো রাজনৈতিক কোন্দলের বাইরে রাখা অপরিহার্য।
ইয়েমেনের হুতিদের প্রসঙ্গ টেনে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, মক্কা-মদিনার নিরাপত্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না—হুতিদের পক্ষ থেকে এমন বার্তা পাওয়া গেছে, যা সান্ত্বনাদায়ক। এই অবস্থানে তারা যেন অবিচল থাকেন, সেদিকেও জোর দেন তিনি।
একই সঙ্গে সৌদি সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের হেফাজতের দায়িত্ব যেহেতু সৌদি সরকার পালন করছে, তাই এমন কোনো রাজনৈতিক কোন্দলে জড়ানো তাদের জন্য মানানসই নয়, যা থেকে দুই পবিত্র শহরের ওপর হুমকি সৃষ্টি হতে পারে। নিরাপত্তার পাশাপাশি দুই শহর ও জাজিরাতুল আরবের শান-মর্যাদা হেফাজতও যেন সৌদি সরকারের অগ্রাধিকার হয়—এমনটাই আশা প্রকাশ করেন চরমোনাই পীর।

