চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের দুই সদস্য কারাগারে

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৬ পিএম
চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের দুই সদস্য কারাগারে

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির কাজে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দণ্ডাদেশ কার্যকর করে তাদের কারাগারে পাঠানো হয়।

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা হাটহাজারীর নয়াপাড়ায় অবস্থিত বিআরটিএ-চট্ট মেট্রো-২ এবং চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। অভিযানের বিষয়টি ম্যাজিস্ট্রেট নিজেই নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার মৌলানা আকমলের বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)। এর মধ্যে হাসানকে ২৫ দিন ও ইমরানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই আদালত নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক দুটি অভিযানও পরিচালনা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে সেখানে ১১টি মামলা দায়ের করা হয় এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।

সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে পরিবহন অফিসগুলোতে দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...