ভূমি অফিসে ফাঁকি বন্ধে জিওফেন্সিং অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ উদ্বোধন বৃহস্পতিবার
মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক হাজিরা প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করতে আসছে নতুন মোবাইল অ্যাপ ‘ভূমিদৃষ্টি’। জিওফেন্সিং প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। বেলা ১১টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির যাত্রা শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
অ্যাপটিতে প্রতিটি ভূমি অফিসের জন্য নির্দিষ্ট ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানা চিহ্নিত করা থাকবে। জিপিএসের ভিত্তিতে সেই নির্ধারিত সীমানার ভেতরে অবস্থান করলেই কেবল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা বা ‘চেক ইন’ দিতে পারবেন। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার কোনো সুযোগ থাকছে না। হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্য চলে যাবে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে। কেউ ভুয়া লোকেশন ব্যবহার করতে চাইলে কিংবা নির্ধারিত এলাকার বাইরে থেকে উপস্থিতি নিতে চাইলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা বা ‘অ্যালার্ট’ পাঠাবে।
ভূমি মন্ত্রণালয়ের আশা, অ্যাপটি চালু হলে ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা আসবে, বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি। কর্মঘণ্টার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়ে সাধারণ নাগরিকরা সহজে সেবা পাবেন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

