দশ দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩:১৩ পিএম
দশ দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পর্যটন শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা বাড়ানো এবং দেশি-বিদেশি পর্যটনপ্রেমীদের কাছে গন্তব্যস্থানগুলো তুলে ধরার বড় আয়োজন হতে যাচ্ছে রাজধানীতে। আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে তিনদিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আয়োজনটি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় একই মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত থাকবেন।

মেলা উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা। সেখানে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এনডোর্সমেন্টে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা জুড়ে থাকছে প্রায় ৩০০টি বুথ।

হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস এখানে নিজেদের পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী রাখবে। মেলার বিশেষ আকর্ষণ থাকছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ ও ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। এ ছাড়া চলবে বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের বিভিন্ন আয়োজন।

প্রতিদিন সন্ধ্যায় মেলা মাঠে সাজানো হবে বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনা। সংগঠকরা প্রত্যাশা করছেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশের পর্যটন খাতের ব্যবসায়িক সম্ভাবনাকে আরও প্রসারিত করবে এবং বিদেশি পর্যটকদের নজরে আসবে বাংলাদেশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...