স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে ইসিতে স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩:০১ পিএম
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে ইসিতে স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি

স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে সংগঠন ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। একইসঙ্গে প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের এ অধিকার নিশ্চিত না করা হলে আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি দেশজুড়ে গণতান্ত্রিক কর্মসূচি শুরু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির সদস্য সচিব আল আমিন আটিয়া। তিনি অভিযোগ করেন, ইসি ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও বিধিবিধান ঘোষণা করলেও কোটি কোটি প্রবাসী ভোটারের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দেশের অর্থনীতির চালিকাশক্তি প্রবাসী শ্রমিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন স্মারকলিপি হস্তান্তরকালে সংগঠনের সদস্য হাসিম ইব্রাহিম, রয়েল খান ও ওমর ফারুকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবিধানের ২৭ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে আল আমিন আটিয়া জানান, ওই অনুচ্ছেদে দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা রয়েছে। বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রাখা প্রবাসীরাও এ দেশের নাগরিক; শুধু বিদেশে অবস্থানের কারণে তারা স্থানীয় নির্বাচনে ভোটের সুযোগ থেকে বাদ পড়ছেন, যা রাষ্ট্রের দায়িত্ব অস্বীকারের শামিল।

কমিশনের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা অযৌক্তিক ও ব্যয়বহুল এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। সারাজীবন দেশের জন্য কাজ করা রেমিট্যান্স যোদ্ধাদের পাঁচ বছর অন্তর একটি ভোটের আয়োজন করতে না পারা রাষ্ট্র ও সরকারের স্পষ্ট ব্যর্থতা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে দ্রুত পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার পাশাপাশি কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...