প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, তাসলিমা পারভীন গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২:৪৯ পিএম
প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, তাসলিমা পারভীন গ্রেফতার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তার সই জাল করে চাকরির আবেদন করার অভিযোগে তাসলিমা পারভীন (৩৯) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ওই নারীকে আটকে রাখার পর খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, চাকরির উদ্দেশে একটি দরখাস্ত নিয়ে তাসলিমা পারভীন অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে যান। তিনি প্রধান প্রকৌশলীকে জানান, দরখাস্তটিতে প্রতিমন্ত্রী শাহে আলমসহ একাধিক ব্যক্তির সুপারিশ রয়েছে। সন্দেহ হলে প্রধান প্রকৌশলী দরখাস্তের ছবি প্রতিমন্ত্রীকে পাঠিয়ে জানতে চান, সুপারিশটি আসলেই তার কি না। উত্তরে প্রতিমন্ত্রী জানান, সুপারিশটি তার নয়। এরপর দরখাস্তে সুপারিশ দেওয়া বাকি ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেও প্রধান প্রকৌশলী কোনো সত্যতা পাননি বলে জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সই জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...