সমুদ্র থেকে উদ্ধার, দীর্ঘ আটকাদেশ, অবশেষে দেশে ফিরল ১৬৮ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন বন্দি থাকা ১৬৮ জন বাংলাদেশি নাগরিক অবশেষে স্বগৃহে প্রত্যাবর্তন করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা নাগাদ বুরাক এয়ারের ফ্লাইট ইউজেড ২২২-এ তারা ঢাকায় অবতরণ করেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনে ভূমিকা রাখে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, দেশটির স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
দূতাবাস জানিয়েছে, ইউরোপে পৌঁছানোর স্বপ্নে অনিয়মিত সমুদ্রপথে যাত্রার সময় ভূমধ্যসাগর থেকে এই ১৬৮ জনকে উদ্ধার করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় তারা গানফুদা ডিটেনশন সেন্টারে আটক জীবন কাটান। বাংলাদেশি অভিবাসীদের নিরাপদে ঘরে ফেরানোর লক্ষ্যে দূতাবাস গত কয়েক বছর ধরে লিবিয়ার কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আসছে। সেই ধারাবাহিক তৎপরতারই ফল হিসেবে এবার এই প্রত্যাবাসন সম্পন্ন হলো।
তবে দূতাবাস একই সঙ্গে সতর্ক করে বলেছে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা বহু ক্ষেত্রে মহাবিপদের জন্ম দেয়। এই বিপজ্জনক যাত্রায় অনেকে প্রাণ হারায়, কেউ নিখোঁজ হয়, কাউকে পাচার চক্র জিম্মি করে রাখে, আবার অনেককে ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় দুর্বিষহ ও অমানবিক পরিবেশে দিন কাটাতে বাধ্য হতে হয়।
এই প্রেক্ষাপটে দালাল ও মানবপাচার চক্রের বিভ্রান্তিকর প্রলোভন ও মিথ্যা প্রচারণায় ভোলা নয় এবং অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা সম্পূর্ণ পরিহার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

