প্রতিটি ওয়ার্ডে চালু হোক ডেঙ্গু সচেতনতা কার্যক্রম, আহ্বান যুবদল সভাপতির

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৪৫ পিএম
প্রতিটি ওয়ার্ডে চালু হোক ডেঙ্গু সচেতনতা কার্যক্রম, আহ্বান যুবদল সভাপতির

ডেঙ্গু মোকাবিলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর আইপিএইচ মসজিদের সামনে এক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আওতায় এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতাকর্মীরা এলাকাবাসীর হাতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট তুলে দেন।

উদ্বোধনী বক্তব্যে মুন্না বলেন, মাত্র সাত দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে দায়িত্বশীল নেতাদের মাঝে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দিয়ে নিয়মিত মানুষের কাছে গিয়ে সচেতনতা তৈরি করা যেতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপের পুরো সময়টুকু গুরুত্বের সঙ্গে দেখতে হবে বলেও তার মত। এই কর্মসূচিকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে কাজে লাগানোর তাগিদও দেন তিনি।

অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো এককালীন কর্মসূচির বিষয় নয়; সুস্থ থাকতে হলে সারা বছরই মানুষকে সজাগ থাকতে হবে। পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধকে শুধু যুবদলের কর্মসূচি না দেখে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হিসেবে পালন করার আহ্বান জানান তিনি।

নয়ন আরও বলেন, প্রত্যেকে নিজের তৈরি আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং খেয়াল রাখবেন যেন কোথাও পানি জমে না থাকে। জমা পানিতেই ডেঙ্গুর বাহক এডিস মশা বংশবিস্তার করে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রতি বছর দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে মন্তব্য করে তিনি জানান, যুবসমাজকে এই তৎপরতায় সম্পৃক্ত করার লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিটি নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...