রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, শীর্ষে মিরপুর

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১:০২ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, শীর্ষে মিরপুর

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৪৯৯ জন। একই সময়ে গ্রেফতারকৃতদের ঘটনায় নথিভুক্ত হয়েছে ৪৯টি মামলা। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগভিত্তিক গ্রেফতারের হিসাব দিয়ে তিনি বলেন, এক দিনে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এরপর রয়েছে তেজগাঁও বিভাগের ৮৬ জন, ওয়ারী বিভাগের ৫৭ জন, মতিঝিল বিভাগের ৫৬ জন, উত্তরা বিভাগের ৪৯ জন, রমনা বিভাগের ৪১ জন, গুলশান বিভাগের ৩৮ জন, লালবাগ বিভাগের ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগের ৫ জন।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫টি রামদা, ২টি তরবারি, ১টি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ। এছাড়া ৪টি মোবাইল, ১টি স্বর্ণের কানের দুল, ৯টি ফুয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ৩টি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও ২৫ হাজার টাকা নগদ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও নানা আলামতসহ ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখন চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...