কেরানীগঞ্জ কারাগারের বন্দির ঢামেকে মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:০৯ এএম
কেরানীগঞ্জ কারাগারের বন্দির ঢামেকে মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের বন্দি নুর আলম মনিরের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নুর আলম মনিরের কয়েদি নম্বর ছিল ১৭৭৬/এ। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া কারারক্ষী সুজন জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীনই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে সংরক্ষণ করা হয়েছে। ঘটনার খবর কারা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...