চুক্তিভিত্তিতে আবারও ফ্রান্সে রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
প্যারিসে ফেরার সুযোগ পেলেন কূটনীতিক খন্দকার মোহাম্মদ তালহা। চুক্তিভিত্তিতে পুনরায় তাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার, মেয়াদ ১৫ মাস। সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তালহা। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৯ মোতাবেক তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত রাখা হয়েছে, নিয়োগকালীন সময়ে তাকে যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। গ্রেড-১ পদে তার দায়িত্ব শুরু হবে আগামী ৩ অক্টোবর, চলবে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা তালহা পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অণু বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে কর্মরত অবস্থায় ২০২১ সালের ৯ সেপ্টেম্বর প্রথমবার তাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয় সরকার। নতুন চুক্তির মাধ্যমে আরও দেড় বছর প্যারিসে বাংলাদেশের কূটনৈতিক মিশনের নেতৃত্ব দেবেন এই সচিব পদমর্যাদার কূটনীতিক।

