চুল কাটাতে গিয়ে প্রাণ গেল: কেরানীগঞ্জে এলেক্স গ্রুপের সদস্য হত্যা

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৭ পিএম
চুল কাটাতে গিয়ে প্রাণ গেল: কেরানীগঞ্জে এলেক্স গ্রুপের সদস্য হত্যা

ঢাকার কেরানীগঞ্জে সেলুনে চুল কাটাতে গিয়ে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত মো. ফরহাদ হোসেন (২৫) রায়েরবাজার এলাকার এলেক্স গ্রুপ নামের সংগঠনের সদস্য ছিলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আরশিনগর এলাকায় তার ওপর এই নির্মম হামলা চালানো হয়।

নিহতের বন্ধু সাকিব জানান, দুপুরে চুল কাটানোর জন্য ফরহাদ বসিলা সেতুসংলগ্ন আরশিনগরের একটি সেলুনে যান। সেখানে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ আরও কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। পেশায় তিনি মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি আরশিনগরে বসবাস করছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। হত্যাকাণ্ডের বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...