হাটহাজারীতে কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে নজরুল মিঠুর যাবজ্জীবন
চট্টগ্রামের হাটহাজারীতে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে হত্যার দায়ে নজরুল ইসলাম ওরফে মিঠু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এই রায় দেন। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, হাটহাজারীর একটি এলাকা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরনের পোশাক দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। এরপর মেয়ের বাবা হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত তাকে দোষী মনে করে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ আদায় হলে তা নিহত কিশোরীর বাবা মো. ছোট্ট মিয়া ওরফে চুট্টু মিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পর দণ্ড পরোয়ানাসহ দোষী সাব্যস্ত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

