হোটেল-রেস্তোরাঁকে মান নিশ্চিতের ১০ দিনের চূড়ান্ত সময় দিল চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা প্রশাসন নগরীর হোটেল ও রেস্তোরাঁগুলোকে খাদ্যের গুণমান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য ১০ দিনের চূড়ান্ত সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যে রান্নাঘর ও খাবার পরিবেশনের জায়গা পরিচ্ছন্ন রাখা, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন মেনে চলা এবং খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্ধারিত মান পূরণ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
সময়সীমা শেষ হওয়ার পর ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চারটি দল হোটেল-রেস্তোরাঁগুলো পরিদর্শন করবে। সেই পরিদর্শনের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর মান যাচাই করে গ্রেডিং নির্ধারিত হবে। কাঙ্ক্ষিত মান পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় এসব নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হলেও হোটেল-রেস্তোরাঁয় প্রত্যাশিত মান পুরোপুরি আসেনি। তাই কেবল অভিযানের ওপর নির্ভর না করে ব্যবসায়ীদের সম্পৃক্ত করে সমস্যার স্থায়ী সমাধান খুঁজছে প্রশাসন।
জেলা প্রশাসক বলেন, প্রশাসনের লক্ষ্য জরিমানা করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা নয়, বরং ঘাটতিগুলো সংশোধনের সুযোগ দিয়ে নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, সরকার জরিমানার মাধ্যমে কোনো ব্যবসা চালায় না; অসৎ পথে ব্যবসা করাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্যই এই ব্যবস্থা। কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ব্যবসা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই ১০ দিনের সময় দেওয়া হয়েছে জানিয়ে তিনি সতর্ক করেন, নির্ধারিত মান পূরণ অবশ্যই বাধ্যতামূলক হবে।

