জুয়া মামলার ভয়ে ক্রিপ্টোসহ টাকা আদায়, সিএমপির দুই এএসআই ক্লোজড

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬:৩০ এএম
জুয়া মামলার ভয়ে ক্রিপ্টোসহ টাকা আদায়, সিএমপির দুই এএসআই ক্লোজড

এক ব্যবসায়ী ও তার বন্ধুকে জুয়া মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ক্রিপ্টোকারেন্সিসহ মোট ১৮ লাখ টাকা আদায়ের অভিযোগের জেরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাময়িক ক্লোজড করা হয়েছে। ক্লোজড হওয়া দুজন হলেন সিএমপির ল’ফুল ইন্টারসেপ্টেড সেলের (এলআইসি) এএসআই বাছির উদ্দিন এবং সিএমপি রেশন স্টোরের এএসআই সুফিয়ান। একই ঘটনায় এলআইসির সহকারী কমিশনার (এসি) শরিফুল আলম সুজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সিএমপি কমিশনার জানান, এক যুবকের কাছ থেকে টাকা ও ক্রিপ্টোকারেন্সি আদায়ের অভিযোগে দুই এএসআইকে ক্লোজড করে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আর এসিকে পাঠানো হয়েছে দামপাড়া পুলিশ সদর দপ্তরে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর সকালে এসি শরিফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকের একটি পুলিশ দল নগরীর হালিশহরের কে ব্লকের একটি বাসা থেকে ব্যবসায়ী আখতারুজ্জামান শাকিল (২৭) এবং তার বন্ধু মনসুর আলীকে একটি টয়োটা করোলা গাড়িসহ তুলে নিয়ে যায় এলআইসি কার্যালয়ে। সেখানে তাদের মোবাইল ফোন জব্দ করে তল্লাশি চালানো হয় এবং ব্যক্তিগত তথ্য ও ছবি অন্য একটি ডিভাইসে স্থানান্তর করা হয়।

শাকিল ও মনসুর দাবি করেন, এসি শরিফুল ও এএসআই বাছির শাকিলের ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার পাশাপাশি দুজনকে জুয়া মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। পরে শাকিলকে তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে তিন ধাপে ১০ হাজার ৮৬৪ মার্কিন ডলার (প্রায় ১৩ লাখ ২৫ হাজার টাকা) স্থানান্তর করতে বাধ্য করা হয়। জানা যায়, খাতুঞ্জে পলিপ্রোপিলিন (পিপি দানা) ব্যবসার পাশাপাশি চট্টগ্রামের পটিয়ায় একটি কৃষি খামার রয়েছে শাকিলের। তার বন্ধু মনসুরের রয়েছে গাড়ির পার্টসের ব্যবসা। ঘটনাটি তদন্তে পদক্ষেপ নেওয়ায় পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাগ্রহণ আরও কঠোর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...