নতুন রিং রোড খোঁড়ায় ‘না’ জানাল ডিএসসিসি, ওয়াসাকে বিকল্প রুটের নির্দেশ
জনগণের করের টাকায় সদ্য নির্মিত সড়ক কোনো প্রতিষ্ঠানের সমন্বয়ের ঘাটতিতে আবার ভেঙে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া হবে না জানিয়ে কড়া বার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) রায়েরবাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন প্রকল্প সরেজমিন দেখতে গিয়ে তিনি এ অবস্থান জানান। পাশাপাশি নতুন রাস্তা না ভেঙে অন্যপথে কাজ চালানোর জন্য ঢাকা ওয়াসার প্রতি আহ্বান জানান তিনি।
ইনার সার্কুলার রিং রোড পরিদর্শনের সময় প্রশাসক বলেন, দু-তিন বছরের দীর্ঘ ভোগান্তির পর এলাকাবাসী অবশেষে একটি নতুন রাস্তার দেখা পেয়েছে। কিন্তু ঢাকা ওয়াসা তাদের ‘বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্প’ বাস্তবায়নের জন্য এই রাস্তা খুঁড়ে প্রায় ছয় ফুট ব্যাসের পানির পাইপ বসাতে চাইছে। এ বিষয়ে ইতোমধ্যে একাধিক বৈঠকে ওয়াসাকে বিকল্প রুট নির্ধারণের অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি স্পষ্ট করেন, মানুষকে দ্বিতীয়বার ভোগান্তিতে ফেলে এবং পাবলিক অর্থ নষ্ট করে রাস্তা খোঁড়ার অনুমতি তিনি দেবেন না।
প্রকল্প সম্পর্কে জানা গেছে, এক হাজার ১৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে চার দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ আট লেনের সড়ক নির্মাণাধীন। এর মধ্যে চারটি লেন এক্সপ্রেসওয়ে এবং বাকি চারটি লেন সার্ভিস রোড হিসেবে ব্যবহৃত হবে। প্রকল্পের আওতায় থাকছে দুই কিলোমিটার সংযোগ সড়ক, ১০ কিলোমিটার করে ফুটপাত ও ড্রেন, তিনটি করে ভেহিকুলার ওভারপাস ও ফ্লাইওভার, আটটি স্লুইস গেট, ছয়টি করে বাস-বে ও যাত্রী ছাউনি। এছাড়া দুই কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ এবং প্রায় ৪৮০টি বৈদ্যুতিক খুঁটি ও আটটি টাওয়ার স্থানান্তরের কাজ চলছে।
প্রশাসক জানান, প্রকল্পের প্রথম ধাপের ভৌত অগ্রগতি ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে। এরপর দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ থেকে পোস্তগোলা পর্যন্ত সড়ক সম্প্রসারণ করা হবে। এটি বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার বাস ঢাকার কেন্দ্রীয় যানজটে না ঢুকে এই রিং রোড ব্যবহার করে সরাসরি উত্তরবঙ্গে যাতায়াত করতে পারবে। ফলে কামরাঙ্গীরচর, লালবাগ ও হাজারীবাগের মতো এলাকার যানজটসহ সারা রাজধানীর যান চলাচলে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন তিনি। এজন্য উন্নয়ন প্রকল্প নেওয়ার আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রয়োজনীয় আন্তঃসমন্বয় নিশ্চিত করার পরামর্শ দেন আবদুস সালাম।

