প্রশিক্ষণের পর নারীদের আয়ের পথ দেখাতে হবে: চট্টগ্রামের ডিসি

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭ পিএম
প্রশিক্ষণের পর নারীদের আয়ের পথ দেখাতে হবে: চট্টগ্রামের ডিসি

শুধু নারীদের প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ হয় না, প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা দিয়ে তারা কোথায় ও কীভাবে রোজগার করবেন তার পরিকল্পনাও নিশ্চিত করতে হবে। এমন পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১৪ সেপ্টেম্বর) মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’-র অধীনে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাজারের চাহিদার বাইরে প্রশিক্ষণ দিলে সরকারি অর্থ ও প্রশিক্ষণার্থীদের সময় দুটোই ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল মিলবে না বলে সতর্ক করেন জেলা প্রশাসক। তাঁর মতে, কোনো প্রশিক্ষণ কর্মসূচি শুরুর আগেই সংশ্লিষ্ট খাতের চাহিদা, কাজের সুযোগ ও প্রশিক্ষণ-পরবর্তী সম্ভাবনা নিয়ে যথাযথ পরিকল্পনা ও গবেষণা করা জরুরি। এছাড়া ‘আমার কাজ শুধু ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া’ ধরনের সীমিত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বলেও তিনি মনে করেন।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণের সময় স্থানীয় বাজারের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন অঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা ও কাজের সুযোগ ভিন্ন হওয়ায় সব এলাকায় এক ধরনের প্রশিক্ষণ সমান কার্যকর নাও হতে পারে বলে তাঁর বক্তব্য। এ লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সহযোগী বেসরকারি সংস্থাগুলোর প্রতি আরও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। প্রশিক্ষণ শেষে নারীরা যদি দক্ষতা কাজে লাগানোর সুযোগ না পান, তাহলে পুরো কর্মসূচির মূল উদ্দেশ্যই ব্যাহত হবে বলে সতর্ক করেন জেলা প্রশাসক।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ পাওয়াই শেষ কথা নয়। অর্জিত দক্ষতার নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে এবং বাজার ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেদের সমন্বয় করে নিতে হবে। সঠিক পরিকল্পনা থাকলেই নারীদের প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...