ঢাকায় বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার, অংশ নিচ্ছে ১০ দেশের ২০০ প্রতিষ্ঠান
দেশের পর্যটন খাতের ব্যবসায়িক সম্ভাবনা বিস্তার এবং ভ্রমণপ্রেমীদের কাছে দেশ-বিদেশের নানা গন্তব্য তুলে ধরার লক্ষ্যে রাজধানীতে বসছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি)। পরপর তিন দিন, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে এবং সাজানো হবে প্রায় ৩০০টি বুথ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। আয়োজকদের জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এনডোর্সমেন্ট এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় ও অংশগ্রহণে এবারের মেলা ঘটছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।
মেলায় হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি ও বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের দূতাবাস নিজেদের পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী করবে। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। এর পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে বিটুবি সেশন, সেমিনার, গন্তব্য উপস্থাপনা, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা।
সাংস্কৃতিক আয়োজনও থাকছে মেলা জুড়ে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের শিল্পীরা পরিবেশন করবেন নিজ নিজ দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা প্রত্যাশা করছেন, এই মেলা দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

